লন্ডন, ৩০ নভেম্বর ২০২৫: যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশীদের নির্ধারিত সময়ের মধ্যে পোস্টাল ভোট রেজিস্ট্রেশন করতে আহবান জানিয়েছে বিলেতের বাংলা মিডিয়ার শীর্ষ সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব । ২৮ নভেম্বর শুক্রবার দুপুরে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এই আহবান জানানো হয়।
প্রেস ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের এর সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদের সঞ্চালানায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ হাইকমিশনের পক্ষে উপস্থিত ছিলেন ফার্স্ট সেক্রেটারি ওয়ারিসুল ইসলাম । তিনি পোস্টাল ভোট রেজিস্ট্রেশনের ধাপগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।
তিনি বলেন, ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। প্রক্রিয়াটি খুবই সহজ—প্রথমে মোবাইল ফোনে ‘পোস্টাল ভোট বিড’ অ্যাপ ডাউনলোড করে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে । এতে প্রয়োজন হবে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এবং যুক্তরাজ্যে ব্যালট পেপার পাঠানোর ঠিকানা।
রেজিস্ট্রেশন সম্পন্ন হলে নির্ধারিত সময়ে যুক্তরাজ্যের ঠিকানায় পৌঁছে যাবে ব্যালট পেপার, ভোটের নির্দেশনা এবং রিটার্ন এনভেলাপ । এরপর অ্যাপে লগ ইন করে খামের উপর থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। এ সময় অবশ্যই মোবাইলের লোকেশন অন রাখতে হবে।
ব্যালট পেপারে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সাক্ষরসহ নির্ধারিত খামে ভরে পোস্ট অফিসে কিংবা পোস্ট বক্সে ছেড়ে দিতে হবে। তাহলে বাংলাদেশে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছে যাবে ব্যালটটি। তবে তিনি সতর্কতা অবলম্বনের আহবান জানিয়ে বলেছেন, একাধিকবার রেজিস্ট্রেশন করলে অ্যাপ লক হয়ে যেতে পারে । ভিপিএন ব্যবহার করে অন্য দেশ থেকে ভোট দেওয়ার চেষ্টা করলেও ডিভাইস ব্লক হতে পারে বলে জানান তিনি। জনাব ওয়ারিসুল ইসলাম ১৮ ডিসেম্বরের মধ্যে প্রবাসীদেরকে নাম রেজিস্ট্রেশনের আহবান জানান। read more